26 July 2010

নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। মনিটরিং সেলের অনুমোদন পাওয়া গেলেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানাতে পারেন বলে জানা গেছে। নিজামীকে ইতিমধ্যে দুদিন জিজ্ঞাসাবাদও করেছেন তিনি।

মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী গতকাল কালের কণ্ঠকে বলেন, 'তথ্যপ্রমাণ পাওয়া গেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে মনিটরিং সেলের অনুমোদনের প্রয়োজন রয়েছে। বিভিন্ন মামলায় নিজামীর জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি দশ ট্রাক অস্ত্র মামলারও তদন্ত চলছে। সময়ই বলে দেবে কী হতে যাচ্ছে।'

প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। সিইউএফএল হলো শিল্প মন্ত্রণালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সে সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী। সিআইডি এ মামলায় সিইউএফএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহসীন তালুকদার ও মহাব্যবস্থাপক এনামুল হককে গ্রেপ্তার করেছে। এছাড়া বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন