20 March 2010

মহানবী (সা.)-এর সঙ্গে তুলনাঃ জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা করবে তরীকত ফেডারেশন




নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২১-০৩-২০১০


মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর তুলনা করায় জামায়াতের তিন নেতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তরীকত ফেডারেশন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রেস শ্রমিক ইউনিয়ন। আওয়ামী ওলামা লীগ বলেছে, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

গতকাল পৃথক বিবৃতি ও কর্মসূচিতে দলগুলো তাদের বক্তব্য প্রকাশ করে। জামায়াতের বক্তব্যের প্রতিবাদে আওয়ামী ওলামা লীগ গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করেছে। সভায় সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বলেন, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রমাণিত হয়েছে, জামায়াত কোনো ইসলামি দল নয়।

তরীকত ফেডারেশনের এক জরুরি সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করে জামায়াত অমার্জনীয় অপরাধ করেছে।

উল্লেখ্য, গত বুধবার মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে; তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’

এর পরিপ্রেক্ষিতে গতকাল তরীকত ফেডারেশনের জরুরি সভায় প্রথমত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করে তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন